ajkerprithibi
, , ,
  1. অপরাধ
  2. অভিযান
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. দেশজুড়ে
  15. ধর্ম

নাগেশ্বরীতে ভুয়া কবিরাজের জমজমাট কারবারের অভিযোগ

Ajker prithibi
অক্টোবর ৪, ২০২৬ ১০:২৩ অপরাহ্ণ
Link Copied!

 

শাওন আহম্মেদ লেবু

মুখ দেখেই নাকি রোগ নির্ণয়! মাত্র এক ফুঁতেই হাম, যক্ষ্মা, বন্ধ্যাত্বসহ জটিল ও কঠিন রোগ সারানোর দাবি! চিকিৎসার জন্য নির্দিষ্ট কোনো ফি নেই—তবে ‘হাদিয়া’র নামে রোগীদের কাছ থেকে নেওয়া হচ্ছে হাজার হাজার টাকা। এমনকি লাখ টাকা চুক্তিতে বশীকরণ এবং রোগীকে সরাসরি না দেখেই শুধু নাম শুনে ‘গোপন রোগের’ চিকিৎসা দেওয়ার অভিযোগও উঠেছে।

এমনই চাঞ্চল্যকর সব দাবিকে ঘিরে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ডাকনীরপাঠ কোঁচপাড়া গ্রামে জমজমাট হয়ে উঠেছে তথাকথিত ‘আধ্যাত্মিক চিকিৎসা’। অভিযোগের কেন্দ্রে রয়েছেন মৃত হুজুর আলীর ছেলে শফিকুল ইসলাম (৩১)।

স্থানীয়দের ভাষ্য, শফিকুল নিজেকে আধ্যাত্মিক সাধক ও কবিরাজ হিসেবে পরিচয় দেন। তবে তার প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবন পঞ্চম শ্রেণি পর্যন্ত।

স্থানীয়দের দাবি, মাত্র কয়েক মাস আগেও তিনি বিভিন্ন মানুষের বাড়িতে শ্রমিক হিসেবে কাজ করতেন। কখনো ধান কাটতেন, কখনো মাটি কাটতেন; আবার ভ্যানে করে গ্রামে গ্রামে বিভিন্ন পণ্য ফেরি করতেন। কিন্তু হঠাৎ করেই ‘স্বপ্নে দীক্ষা’ পাওয়ার দাবি করে নিজেকে আধ্যাত্মিক চিকিৎসক হিসেবে পরিচিত করে তোলেন তিনি।

শফিকুলের দাবি, স্বপ্নের মাধ্যমে তিনি বিশেষ ক্ষমতা পেয়েছেন। তার শরীরে ‘আধ্যাত্মিক কিছু ভর করে আছে’ এবং তিনি নাকি রোগের সঙ্গে কথা বলে রোগ নির্ণয় করতে পারেন।

সরেজমিনে তার বাড়িতে গিয়ে দেখা যায়, সকাল থেকেই সেখানে মানুষের ভিড়। দূর-দূরান্ত থেকে নারী-পুরুষ নানা ধরনের সমস্যা নিয়ে ছুটে আসছেন। বাড়ির বাইরে কয়েকজন ব্যক্তি আগত রোগীদের সমস্যার কথা শুনছেন এবং তাদের ‘চিকিৎসা’ পাওয়ার আশ্বাস দিচ্ছেন। একই সঙ্গে চলছে দরকষাকষিও।

একপর্যায়ে দেখা যায়, শফিকুল লুঙ্গি ও হাফহাতা গেঞ্জি পরে একের পর এক সিগারেট টানছেন। পরে ধর্মীয় বিভিন্ন বক্তব্য ও কোরআন-হাদিসের আয়াত পাঠ করছেন। তার চারপাশে বসে রয়েছেন কয়েকজন অনুসারী।

এরপর সামনে দাঁড় করানো হচ্ছে রোগীদের। তাদের উদ্দেশে ফুঁ দিচ্ছেন শফিকুল। ‘চিকিৎসা’ শেষে অনেকে তার সামনে টাকা রেখে সালাম করে চলে যাচ্ছেন। পাশে থাকা তার চাচাতো ভাই সামিউলকে বিভিন্ন রোগীকে টাকার বিনিময়ে তেলপড়া, পানিপড়া ও শিশি দেওয়ার পাশাপাশি এলোপ্যাথিক ওষুধও দিতে দেখা যায়।

ভূরুঙ্গামারী উপজেলার বাড়াইটারচর থেকে কথিত ‘চিকিৎসা’ নিতে আসা ফজিলা নামের এক নারী বলেন, ‘দাম্পত্য কলহের সমস্যা নিয়ে এ পর্যন্ত পাঁচবার এসেছি। অনেক টাকাও দিয়েছি। কিন্তু কোনো কাজ হচ্ছে না। আজ আবারও টাকা দাবি করছে। কী করব, বুঝতে পারছি না।’
নাম প্রকাশ না করার শর্তে এক দম্পতি বলেন, ‘সন্তান ধারণের আশায় তিন মাস ধরে এখানে আসছি। চাহিদামতো টাকাও দিয়েছি। কিন্তু এখন পর্যন্ত কোনো ফল পাইনি।’

স্থানীয় কয়েকজনের অভিযোগ, শফিকুলের কথিত চিকিৎসা কার্যক্রম পরিচালনায় ৪-৫ জন সক্রিয় ব্যক্তি রয়েছেন। তাদের মধ্যে হাশেম আলীর ছেলে সামিউল অন্যতম বলে অভিযোগ স্থানীয়দের। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে মাসোয়ারা দিয়ে বিষয়টি ‘ম্যানেজ’ করে কার্যক্রম চালানোরও অভিযোগ করেছেন তারা। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

স্থানীয়দের আরও দাবি, কথিত ঝাড়ফুঁক ও হাদিয়ার অর্থে শফিকুল দ্রুত সম্পদ গড়ছেন। ইতোমধ্যে নতুন বাড়ি নির্মাণের কাজ চলছে। তার চাচাতো ভাই সামিউলকে দিয়ে খামার করার পাশাপাশি কৃষিজমি কেনারও উদ্যোগ চলছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করে শফিকুল ইসলাম বলেন, ‘আমি স্বপ্নে দীক্ষা পেয়েছি। আমার শরীরে আধ্যাত্মিক কিছু ভর করে আছে। আমি রোগের সঙ্গেও কথা বলতে পারি এবং সেভাবেই চিকিৎসা দিই।’

ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম শফি বলেন, ‘সে শতভাগ বাটপার ও প্রতারক। আগে ঠিকমতো ভাতও পেত না, আর এখন জায়গা-জমি কিনে নতুন ঘরবাড়ি করছে। গ্রাম পুলিশ পাঠিয়ে তাকে সতর্ক করেছি। কিন্তু সে থামছে না। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজন সাহা বলেন, ‘রেজিস্টার্ড চিকিৎসক ছাড়া এ ধরনের রোগের চিকিৎসা দেওয়ার এখতিয়ার কারও নেই। এটি প্রতারণা ছাড়া কিছুই নয়। উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এ ধরনের প্রতারণার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে কয়েক দফায় যোগাযোগের চেষ্টা করা হলেও নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধানের বক্তব্য পাওয়া যায়নি।
চিকিৎসাবিজ্ঞানের স্বীকৃত পদ্ধতির বাইরে রোগ নিরাময়ের এমন দাবি এবং রোগীদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে।

আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Website Design & Development by BD IT HOST ↗