
সেলিম রেজা তাজ,
যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৪ লাখ ৫৭ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৭ অক্টোবর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীন বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) ও আমড়াখালী চেকপোস্টের টহলদল এসব পণ্য জব্দ করে।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ৪৫টি শাড়ি, একটি থ্রিপিস, দুটি টি-শার্ট, ১১টি কম্বল, এক প্যাকেট ফুচকা, ১৫১টি চকলেট, সাত প্যাকেট খৈনি ও ১২৩টি কসমেটিকস সামগ্রী। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৫৭ হাজার টাকা।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল পাচারের সঙ্গে জড়িত চক্রকে আটক করতে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


