
আবু সুফিয়ান বাবু,
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। আগামী ১৯ অক্টোবর সকাল ১১টায় সংশ্লিষ্ট কমিটির সামনে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।
শনিবার (১৭ অক্টোবর) নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং ঠাকুরগাঁওয়ের যুগ্ম জেলা ও দায়রা জজ সাদিয়া আফসানা রিমা স্বাক্ষরিত নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।
নোটিশ সূত্রে জানা যায়, দেলাওয়ার হোসেন ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে ভোটারদের বিভ্রান্ত করা, তাঁদের প্রভাবিত করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মসজিদ ও ধর্মীয় উপাসনালয় ব্যবহার এবং এর মাধ্যমে নির্বাচনি পরিবেশ বিতর্কিত করার অভিযোগ উঠেছে।
অভিযোগের সঙ্গে জমা দেওয়া ভিডিও পর্যালোচনা করে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর ১৫(খ) অনুচ্ছেদ লঙ্ঘনের বিষয়টি প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে কেন তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ প্রতিবেদন নির্বাচন কমিশনে পাঠানো হবে না, তার ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আগামী ১৯ অক্টোবর সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালত ভবনের ২১১ নম্বর কক্ষে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে হবে তাঁকে। অভিযোগের পক্ষে প্রাসঙ্গিক সাক্ষ্যপ্রমাণ থাকলে সেগুলোও উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে আরও বলা হয়েছে, অভিযোগের পূর্ণাঙ্গ অনুসন্ধান শেষে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন নির্বাচন কমিশনে পাঠানো হবে।
এ ঘটনায় অভিযোগকারী হিসেবে মো. পয়গাম আলীর নাম উল্লেখ করা হয়েছে। তিনি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ধানের শীষ প্রতীকের নির্বাচনি এজেন্ট।
তবে অভিযোগ ও শোকজ নোটিশের বিষয়ে জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।
সূত্র: নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির নোটিশ।


