
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিষক্রিয়ায় সুমন চন্দ্র (৪০) নামে নীলফামারীর ডোমার পল্লী বিদ্যুৎ সমিতির এক কর্মচারীর মৃত্যু হয়েছে।
রোববার (৪ অক্টোবর) রাত আনুমানিক ১টার দিকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত সুমন চন্দ্র রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের ভেলাই গ্রামের মহেশ চন্দ্রের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সুমন চন্দ্র নীলফামারীর ডোমার উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত ছিলেন। শনিবার (৩ অক্টোবর) ছুটিতে তিনি নিজ বাড়িতে আসেন। পরে বাড়ির পাশেই হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের বিষয়টি জানান।
পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে রাত সাড়ে ১১টার দিকে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।
পরে স্বজনরা তাকে দিনাজপুর নেওয়ার পথে রাত আনুমানিক ১টার দিকে তার মৃত্যু হয়।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


