
আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও:
লোকালয়ে ঢুকে হায়নার হামলায় আহত ৭৫ বছরের বৃদ্ধা চিকিৎসা নিতে ভর্তি হন সরকারি হাসপাতালে। অভিযোগ, ক্ষতস্থানে সেলাই দেওয়ার সময় তাঁর স্বজনের কাছে চাওয়া হয় ৮ হাজার টাকা। টাকা দিতে না পারায় ২ হাজার টাকা নেওয়ার অভিযোগও উঠেছে।
এ ঘটনায় ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের অফিস সহায়ক নিত্য ও ওয়ার্ডবয় বাবুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন রোগীর স্বজন।
অভিযোগপত্রে বলা হয়, বালিয়াডাঙ্গী উপজেলার ছোট পালাশবাড়ী গ্রামের মোছা. হবিজান বেগম (৭৫) গত ১ অক্টোবর রাতে হায়নার আক্রমণের শিকার হন। আহত অবস্থায় তাঁকে দ্রুত ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়।
রোগীর স্বজনের অভিযোগ, চিকিৎসার একপর্যায়ে হবিজান বেগমকে সেলাই দেওয়ার জন্য নিয়ে যান নিত্য ও বাবুল। সেখানে সেলাইয়ের জন্য ৮ হাজার টাকা দাবি করা হয়। স্বজনের কাছে প্রয়োজনীয় টাকা না থাকায় চাপ দিয়ে ২ হাজার টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী জানান, তিনি দরিদ্র পরিবারের সদস্য। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসে অর্থের এমন দাবি তাঁর জন্য বড় ধরনের সমস্যার সৃষ্টি করেছে। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেছেন তিনি।
এক হায়নার হামলায় আতঙ্কিত পুরো এলাকা
অন্যদিকে, একই রাতে বালিয়াডাঙ্গীর ছোট পালাশবাড়ী এলাকায় লোকালয়ে ঢুকে একটি হায়না অন্তত পাঁচজনকে আহত করেছে বলে স্থানীয়দের দাবি।
পরিবারের সদস্যরা জানান, রাত আনুমানিক ৭টা ৪০ মিনিটে হবিজান বেগম নামাজের জন্য ওজু করতে গেলে হঠাৎ হায়নাটি বাড়িতে ঢুকে তাঁর ওপর আক্রমণ চালায়। পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
স্থানীয়দের দাবি, এর আগে-পরে হায়নাটি আশপাশের আরও চারজনকে কামড়ে আহত করেছে। এতে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দাদের মধ্যে সবচেয়ে বড় উদ্বেগ—বন্যপ্রাণীটি বর্তমানে কোথায় রয়েছে এবং আবারও মানুষের ওপর হামলা করবে কি না। দ্রুত হায়নাটিকে শনাক্ত করে লোকালয় থেকে সরিয়ে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
তবে হাসপাতালের দুই কর্মীর বিরুদ্ধে ওঠা অর্থ দাবির অভিযোগের বিষয়ে কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।


