
মো: হাবিবুর রহমান হাবিব,
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্ত দিয়ে ১২ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)। বিজিবি ও স্থানীয়দের কঠোর প্রতিবাদে বিএসএফের এই অপচেষ্টা ব্যর্থ হয় । তবে বর্তমানে ১২ জন নারী-পুরুষ শূন্যরেখা থেকে ভারতের ১৫০ গজ অভ্যন্তরে অবস্থান করছে বলে জানা যায়। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় বিজিবির সতর্ক পাহারা জোরদার করা হয়েছে।
রবিবার ( ১৮ অক্টোবর ) রাত আনুমানিক ৩ টার দিকে উপজেলার ৮ নং বুড়িমারী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বামনদল সীমান্তের বুড়িমারী বিওপির আওতাধীন সীমান্তের মেইন পিলার ৮৩৮/১ এস কাছে এ ঘটনাটি ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত আনুমানিক ৩ টার দিকে বুড়িমারী বিওপির দায়িত্বপূর্ণ বুড়িমারী বামনদল এলাকার সীমান্ত পিলার ৮৩৮/১ এস এর নিকটবর্তী এলাকা দিয়ে ভারতীয় ৬৮ ব্যাটসলিয়ন বিএসবাড়ি বিএসএফ ক্যাম্পের সদস্যরা সলডাঙ্গা সিমান্ত এলাকা দিয়ে ১২ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন এর চেষ্টা করে।
পরে স্হানীয়রা বিজিবিকে খবর দিলে বিজিবি ও স্হানীয়দের কঠোর অবস্থানের কারণে তা ব্যর্থ হয়। বর্তমানে ১২ জন নারী-পুরুষ শূন্যরেখা থেকে ১৫০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছে।
এ বিষয়ে ঐ সীমান্তে পুশইন ঠেকাতে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) তৎপরতা বৃদ্ধি এবং সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহিনুল ইসলাম শাহীন বলেন, সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে পুশইনের একটি চেষ্টা হয়েছিল, যা আমাদের সতর্ক টহল দলের বাধায় ব্যর্থ হয়েছে। আমরা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছি। পতাকা বৈঠকের মাধ্যমে পুরো বিষয়টি সমাধানের জোর চেষ্টা চলছে। সীমান্ত সুরক্ষিত রাখতে আমাদের নজরদারি অব্যাহত রয়েছে।


