
সেলিম রেজা তাজ,
খুলনায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পৃথক তদারকি অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) খুলনা মহানগরী ও কুষ্টিয়ার মিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয় ও বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয়ের তিনটি দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে নিত্যপ্রয়োজনীয় পণ্য, চাল, ভোজ্যতেল, গ্যাস, ওষুধ, ডায়াগনস্টিক সেন্টার, আলু, দেশি পেঁয়াজ, শাকসবজি, মুরগি ও ডিমের বাজার তদারকি করা হয়। পাশাপাশি পণ্যের মূল্যতালিকা ও ক্রয় ভাউচার যাচাই করা হয়। এ সময় ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি এবং প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।
খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে খুলনা মহানগরীর সদর ও সোনাডাঙ্গা থানার নিরালা মোড় এবং খানজাহান আলী রোড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার ও অপরাধ পুনঃসংঘটনের দায়ে স্কলার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা এবং মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট সংরক্ষণ ও ব্যবহারের দায়ে লাজ ক্লিনিক অ্যান্ড হেলথ কেয়ারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দিনারা জামানের নেতৃত্বে মহানগরীর আমতলা ও খানজাহান আলী রোড এলাকায় অভিযান পরিচালিত হয়। এ সময় মূল্যতালিকা প্রদর্শন না করায় মদিনা এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা এবং পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করায় আনিছা এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আলীর নেতৃত্বে মিরপুর উপজেলার হারু মোড় বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় যথাযথভাবে পণ্য সরবরাহ না করার দায়ে মাহফুজা ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, তিনটি অভিযানে মোট পাঁচটি প্রতিষ্ঠানকে ১ লাখ ২৭ হাজার টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ আদায় করা হয়।
অভিযান চলাকালে ব্যবসায়ীদের সচেতন করার পাশাপাশি দোকানে দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


