নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও ডিবি পুলিশের পৃথক বিশেষ অভিযানে মাদকসেবী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ মোট ১১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
৬ অক্টোবর ২০২৬ তারিখে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবা’র নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের দেওয়া তথ্যানুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে ৫৭ জন মাদকসেবী, ৮ জন মাদক ব্যবসায়ী, ২ জন ছিনতাইকারী, ১৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১৪ জন নিয়মিত মামলার আসামি, অন্যান্য আইনে ৪ জন, মোবাইল কোর্টের মাধ্যমে ১ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৪ জন সদস্য রয়েছেন।
অভিযানে নারায়ণগঞ্জ সদর থানায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ১০ জন মাদকসেবী, ২ জন ওয়ারেন্টভুক্ত এবং ১ জন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য।
ফতুল্লা মডেল থানার অভিযানে ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১৬ জন মাদকসেবী, ৪৬ কেজি গাঁজাসহ একজন নারী মাদক ব্যবসায়ী, ২০০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী, একজন ছিনতাইকারী, ৫ জন ওয়ারেন্টভুক্ত, ৭ জন নিয়মিত মামলার আসামি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ জন সদস্য রয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানার অভিযানে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে ১০ জন মাদকসেবী, ৫০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী, একজন ছিনতাইকারী, ৭ জন ওয়ারেন্টভুক্ত, একজন নিয়মিত মামলার আসামি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩ জন সদস্য রয়েছেন।
বন্দর থানার অভিযানে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৪ জন মাদকসেবী, ৫ দশমিক ৫ গ্রাম হেরোইনসহ ৫ জন মাদক ব্যবসায়ী, ৩ জন ওয়ারেন্টভুক্ত এবং অন্যান্য আইনে একজনকে গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁও থানার অভিযানে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৮ জন মাদকসেবী, একজন ছিনতাইকারী, একজন ওয়ারেন্টভুক্ত এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ জন সদস্য রয়েছেন।
রূপগঞ্জ থানার অভিযানে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৯ জন মাদকসেবী, একজন ওয়ারেন্টভুক্ত, ৫ জন নিয়মিত মামলার আসামি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩ জন সদস্য রয়েছেন।
আড়াইহাজার থানার অভিযানে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩ জন সদস্য, নিয়মিত মামলার একজন আসামি, অন্যান্য ধারায় ৩ জন এবং মোবাইল কোর্টের মাধ্যমে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


