
আবু সুফিয়ান বাবু,
আসন্ন ঠাকুরগাঁও-১ (সদর) আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী পাঁচ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দের কাজ শেষ হয়েছে। বৃহস্পতিবার জেলা নির্বাচন অফিসে প্রার্থীদের হাতে তাদের নির্ধারিত প্রতীক তুলে দেওয়া হয়।
প্রতীক বরাদ্দকে ঘিরে জেলা নির্বাচন অফিস ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের নিয়ে একটি মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচনী প্রচারের ক্ষেত্রে আইন ও আচরণবিধি মেনে চলার বিষয়ে প্রার্থীদের সতর্ক করা হয়।
নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। জামায়াতে ইসলামী মনোনীত দেলাওয়ার হোসেন পেয়েছেন দাঁড়িপাল্লা।
এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী খাদেমুল ইসলামের প্রতীক হাতপাখা। খেলাফত আন্দোলনের আব্দুল আলিম নিজামী নির্বাচন করবেন বটগাছ প্রতীকে। বাংলাদেশ কংগ্রেসের হোসেন মোহাম্মদ ওমর ফারুকের প্রতীক ডাব।
প্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রচারণা নিয়ে প্রার্থীদের মধ্যে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়েছে। তবে প্রচারের সময় কোনো ধরনের বিধিবহির্ভূত কর্মকাণ্ড না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম প্রার্থীদের আচরণবিধি মেনে চলার পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে নির্বাচনী মাঠে সংঘাত, উত্তেজনা কিংবা অপ্রীতিকর ঘটনা এড়িয়ে চলতে সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ করেন তিনি।
নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং নিয়ম মেনে প্রচারণা পরিচালনার বিষয়টিকেই এখন সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।


