মোঃ সোহেল রানা
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে রাজশাহীতে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর আওতায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর ১৩ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় আরও দুই প্লাটুন বিজিবি সদস্যকে রিজার্ভ ফোর্স হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় রাজশাহী শহরের রানীবাজার, অলকার মোড় ও অ্যারোহেড পূজামণ্ডপের সামনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধিনায়ক।
বিজিবি সূত্রে জানা যায়, আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা উপলক্ষে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা কার্যকর থাকবে। রাজশাহী জেলার সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত ৬৮টি পূজামণ্ডপ এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের ৩ কিলোমিটারের মধ্যে থাকা আরও ৬টি পূজামণ্ডপসহ মোট ৭৪টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।
এছাড়া যেকোনো জরুরি পরিস্থিতি তাৎক্ষণিকভাবে মোকাবিলার জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে দুই প্লাটুন বিজিবি সদস্যকে রিজার্ভ ফোর্স হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।
নিরাপত্তা জোরদারে অধীনস্থ ১১টি বর্ডার আউটপোস্ট (বিওপি) থেকে দিনরাত ২৪ ঘণ্টা নজরদারি চালানো হবে। প্রতিটি বিওপি থেকে প্রতিদিন চারটি করে বিশেষ টহল পরিচালনা করা হবে। টহল কার্যক্রমের সার্বিক তদারকিতে সংশ্লিষ্ট কমান্ডাররা ডিজিটাল ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন।
বিজিবি জানায়, স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে যৌথ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এ ক্ষেত্রে গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, পূজার সময় কোনো ধরনের গুজবে কান না দিয়ে তথ্য যাচাই না করে তা প্রচার করা থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি কোনো সন্দেহজনক বিষয় নজরে এলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে হবে।
এ সময় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধিনায়ক সনাতন ধর্মাবলম্বী সকলকে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানান।
সম্মিলিত প্রচেষ্টায় শারদীয় দুর্গাপূজাকে শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দময় করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


