
আবু সুফিয়ান বাবু,
ঠাকুরগাঁওয়ে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ২৪ কেজি ৪৫০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মূর্তিটির আনুমানিক সিজার মূল্য ২৪ লাখ ৪৫ হাজার টাকা।
বুধবার (৭ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমান, জি, আর্টিলারির নেতৃত্বে একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।
ডাবরী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৬৮/১-এস থেকে প্রায় ৭ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ‘মনিস কোয়ান’ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নির্দিষ্ট স্থানে মালিকবিহীন অবস্থায় মূর্তিটি পড়ে থাকতে দেখে বিজিবির সদস্যরা তা উদ্ধার করেন।
উদ্ধার করা মূর্তিটির ওজন ২৪ কেজি ৪৫০ গ্রাম। বিজিবির হিসাব অনুযায়ী এর আনুমানিক সিজার মূল্য ২৪ লাখ ৪৫ হাজার টাকা।
৫০ বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড বন্ধে নিয়মিত টহল, নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতির আওতায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
একই সঙ্গে সীমান্ত দিয়ে মাদক পাচার, চোরাচালান, মানব পাচার, অবৈধ অনুপ্রবেশসহ যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দ্রুত বিজিবিকে জানানোর জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে বাহিনীটি।


