
আবু সুফিয়ান বাবু,
১১ অক্টোবর ২০২৬, রবিবার: বিদ্যুৎ গ্রাহকদের ভোগান্তি কমিয়ে দ্রুত ও সহজে সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির বোদা সাব-জোনাল অফিসের আওতাধীন ‘পাঁচপীর অভিযোগ কেন্দ্র’ উদ্বোধন করা হয়েছে।
সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নামফলক উন্মোচনের মাধ্যমে অভিযোগ কেন্দ্রটির উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। নতুন এই অভিযোগ কেন্দ্র চালুর ফলে পাঁচপীর ও আশপাশের এলাকার গ্রাহকদের বিদ্যুৎ-সংক্রান্ত সমস্যা সমাধানে ভোগান্তি কমবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, গ্রাহকসেবার মান উন্নয়নে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিদ্যুৎ সরবরাহে সমস্যা দেখা দিলে দ্রুত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি গ্রাহকদের অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যুৎ গ্রাহকরা উপস্থিত ছিলেন।
পাঁচপীর অভিযোগ কেন্দ্র চালু হওয়ায় স্থানীয় গ্রাহকদের বিদ্যুৎ-সংক্রান্ত অভিযোগ জানানো এবং প্রয়োজনীয় কারিগরি সহায়তা পাওয়ার সুযোগ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। এতে দূরবর্তী বোদা সাব-জোনাল অফিসে যাতায়াতের প্রয়োজন কমার পাশাপাশি সময় ও খরচ সাশ্রয় হবে।
নতুন এই উদ্যোগের মাধ্যমে এলাকার বিদ্যুৎ গ্রাহকরা আরও দ্রুত সেবা পাবেন বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।


