
আবু সুফিয়ান বাবু,
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নবজাতক সন্তানের মৃত্যুর পর রিপা আক্তার (১৮) নামে এক তরুণীর মৃত্যুর খবর পাওয়া গেছে। মা ও নবজাতকের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
রিপা আক্তারের বাড়ি রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের পাল্টাপাড়া লক্ষীরহাট এলাকায়। বালিয়াডাঙ্গী উপজেলার ফুলতলা গ্রামের মাহাফুজের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, গর্ভধারণের প্রায় ছয় মাসের মাথায় একটি পুত্রসন্তানের জন্ম দেন রিপা। জন্মের পর থেকেই শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে কয়েক দিন চিকিৎসা দেওয়া হয়। তবে গতকাল শিশুটির মৃত্যু হয়।
নবজাতকের মৃত্যুর খবর জানার পর রিপা আক্তারও অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে। পরে তাঁরও মৃত্যু হয়।
অল্প সময়ের ব্যবধানে মা ও নবজাতকের এমন মৃত্যুতে স্বজনদের মধ্যে গভীর শোক বিরাজ করছে।


