
মো: সালাউদ্দীন
মাহফিলের নামে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা সরকারকে বিপদে ফেলার চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি।
শনিবার (১০ অক্টোবর ) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওলামা দলের নেতাকর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, “আমরা এমন বক্তা চাই, যিনি কোনো দলের কথা বলবেন না। কোরআন-হাদিসের ব্যাখ্যা দিয়ে আমাদের হেদায়েত করবেন। আমরা এতে সর্বাত্মক সহযোগিতা করব।”
তিনি আরও বলেন, বিগত দিনে মসজিদগুলোকে দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা করা হয়েছে। মসজিদ আল্লাহর ঘর, মসজিদকে আল্লাহর ঘরে ফিরিয়ে নিয়ে আসতে হবে। ইসলাম কোনো দলের বা ব্যক্তির নয়, ইসলাম আল্লাহর। সেই ইসলামকেই মানুষের হৃদয়ে ধারণ করাতে চান তাঁরা।
মাহফিলের নামে কেউ যাতে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা সরকারকে বিপদে ফেলার চেষ্টা করতে না পারে, সে বিষয়ে ওলামা দলের নেতাকর্মীদের সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, পঞ্চগড় আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মির্জা নাজমুল ইসলাম কাজলসহ বিএনপি ও ওলামা দলের নেতাকর্মীরা।


