
সেলিম রেজা তাজ
যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩৩টি শাড়ি, ১৮টি থ্রি-পিস, বালিশের কভার, বিছানার চাদর, জিরা, ফুচকা, কিসমিস ও বিপুল পরিমাণ কসমেটিকস সামগ্রীসহ মোট ৬ লাখ ৬৯ হাজার ৭২৫ টাকা মূল্যের চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২অক্টোবর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব মালামাল আটক করে।
আটক মালামালের মধ্যে রয়েছে—৩৩টি শাড়ি, ১৮টি থ্রি-পিস, ৫টি বালিশের কভার, ৫টি বিছানার চাদর, ৫০০ গ্রাম জিরা, ১ প্যাকেট ফুচকা, ১ কেজি কিসমিস এবং ৬৮৬টি কসমেটিকস সামগ্রী। আটককৃত এসব পণ্যের আনুমানিক মূল্য ৬ লাখ ৬৯ হাজার ৭২৫ টাকা।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্র আটকের লক্ষ্যে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


