
ওয়ালী রহমান,
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামে উৎসবমুখর ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত খাগালিয়া কান্দিপাড়া চাইনিজবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকাল ৪ ঘটিকায় খাগালিয়া কান্দিপাড়া খেলার মাঠে গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় ও উদ্যোগে এ ফাইনাল খেলার আয়োজন করা হয়। ফাইনালকে ঘিরে পুরো খাগালিয়া গ্রাম জুড়ে ছিল উৎসবের আমেজ। মাঠের চারপাশে ছিল হাজারো দর্শকের উপচে পড়া ভিড়। ঢোলের তালে তালে, করতালি আর উল্লাসে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ।
ফাইনালে মুখোমুখি হয় খাগালিয়া পশ্চিমপাড়া একাদশ বনাম খাগালিয়া পূর্বপাড়া একাদশ। নির্ধারিত সময়ে দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা গোলশূন্য ড্র থাকে। পরে ট্রাইবেকারে ২-০ গোলের ব্যবধানে খাগালিয়া পূর্বপাড়া একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খাগালিয়া পশ্চিমপাড়া একাদশ। বিজয়ী দলের খেলোয়াড়দের উচ্ছ্বাস ও সমর্থকদের আনন্দে পুরো এলাকা আনন্দে ভাসে।
পরে বিজয়ী দল খাগালিয়া পশ্চিমপাড়া একাদশকে চ্যাম্পিয়ন ট্রফি হিসেবে একটি ফ্রিজ এবং রানার্সআপ দল খাগালিয়া পূর্বপাড়া একাদশকে একটি ৩২ ইঞ্চি এলইডি টিভি পুরস্কার হিসেবে তুলে দেয়া হয়।
এই জমকালো টুর্নামেন্টের স্পন্সর করেন ভলাকুট ইউনিয়নের কান্দি গ্রামের কৃতি সন্তান, মালদ্বীপ প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক ও ২নং ভলাকুট ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মুক্তার হোসেন।
মালদ্বীপ থেকে ভিডিও কলে যুক্ত হয়ে তিনি বলেন, “বিগত ১৭ বছর ফ্যাসিবাদীদের আমলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা হারিয়ে গিয়েছিল। যুব সমাজকে পরিকল্পিতভাবে ধ্বংসের পথে ঠেলে দেয়া হয়েছিল। এখন সময় এসেছে ঘুরে দাঁড়ানোর। প্রতিটি ইউনিয়নে, প্রতিটি গ্রামে এ ধরনের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করতে হবে।”
তিনি আরও বলেন, “খেলাধুলা যুব সমাজকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। যারা নিয়মিত খেলাধুলা করে তাদের মন-মানসিকতা ভালো থাকে, শরীর সুস্থ থাকে। একটি সুন্দর, মাদকমুক্ত ও আদর্শ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তাই আমি সকলকে বেশি বেশি খেলাধুলার আয়োজন করার আহ্বান জানাচ্ছি।”
খাগালিয়া গ্রামের সাবেক মেম্বার মোহাম্মদ আরাফাত আলীর সভাপতিত্বে এবং তরুণ ব্যবসায়ী মোঃ শামীম আহমদের প্রাণবন্ত সঞ্চালনায় ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক নিহারেন্দু চক্রবর্তী, সাংবাদিক শামীম আহমেদ, সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম, সাংবাদিক ওয়ালী রহমান সহ আশেপাশের বিভিন্ন গ্রামের হাজারো ক্রীড়াপ্রেমী মানুষ।
গ্রামবাসী জানান, এ ধরনের আয়োজন গ্রামের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি আরও সুদৃঢ় করে ভবিষ্যতেও এ ধরনের টুর্নামেন্ট অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।


