নজরুল বিশ্ববিদ্যালয়ে সামাজিক বিজ্ঞানে ওবিই বাস্তবায়ন বিষয়ে প্রশিক্ষণ
নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষকদের অংশগ্রহণে ‘Implementing OBE (Outcome-Based Education) in Social Sciences: A Practical Guide to Outcomes, Alignment & Assessment’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের জরুরি কাজে ক্যাম্পাসের বাইরে অবস্থান করায় অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়ের সঙ্গে তাল মিলিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি বিভাগে ইতোমধ্যে ওবিই কার্যক্রম চালু হয়েছে। পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে এ কার্যক্রম চালু করা হবে।
তিনি বলেন, আধুনিক ও যুগোপযোগী কারিকুলাম প্রণয়ন ও বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় আধুনিক কারিকুলাম চালুর ক্ষেত্রে নজরুল বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে চাই। ওবিই কারিকুলাম প্রণয়ন ও বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতার জন্য আরও দক্ষ করে গড়ে তোলা সম্ভব হবে।
প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মাদ ইমদাদুল হুদা। স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসান।
প্রশিক্ষণ কর্মসূচির রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হাইদার। তিনি সামাজিক বিজ্ঞানে ওবিই বাস্তবায়নে শিক্ষার ফলাফল নির্ধারণ, কারিকুলাম ও কোর্সের মধ্যে সমন্বয় এবং মূল্যায়ন পদ্ধতি নিয়ে প্রশিক্ষণার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর মো. তানজিল হোসেন।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মো. জাহিদুল ইসলাম। এ সময় আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহাসহ সামাজিক বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।