
আবু সুফিয়ান বাবু
ঠাকুরগাঁও সদর উপজেলায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের অভিযোগে উত্তম রায় (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা করার পর উত্তম রায়কে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার কদু বর্মণের ছেলে। তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা জীবিকার প্রয়োজনে ঢাকায় থাকেন। মা ও ভাই বাইরে কাজে গেলে আসামি বিভিন্ন সময় তাকে ভয়ভীতি দেখাতেন বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, গত ৩০ জানুয়ারি দুপুরে বাড়ির পাশের একটি ভুট্টাখেতে কাজ করতে গেলে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে কিশোরীকে ধর্ষণ করা হয়। পরে ১৬ ফেব্রুয়ারি সকালে একইভাবে পাশের একটি পাটখেতে নিয়ে তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাগুলো কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
ভয়ে কিশোরী দীর্ঘদিন বিষয়টি পরিবারের কাছে প্রকাশ করেনি। সম্প্রতি তার শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হলে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে সাত মাসের অন্তঃসত্ত্বা বলে জানান।
পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে চাইলে কিশোরী তাদের কাছে ঘটনাগুলো খুলে বলে। এরপর তার বাবা থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ মামলা নিয়ে অভিযুক্ত উত্তম রায়কে গ্রেপ্তার করে।
শুক্রবার তাঁকে আদালতে হাজির করা হলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।


